ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আসন্ন দক্ষিণ কোরিয়া সফরে দেশটির প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ পৌঁছে দেবেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমেই বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রীর আসন্ন কোরিয়া সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়। সফরে তিনি দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোয়িকা) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক আরও জোরদারে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টের (সিইপিএ) আলোচনা শেষ হওয়াকে স্বাগত জানান হুমায়ুন কবির। তিনি আশা প্রকাশ করেন, চুক্তিটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশে আরও বেশি কোরীয় বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জাহাজ নির্মাণ, ইলেকট্রনিকস এবং উচ্চমূল্য সংযোজন ও প্রযুক্তিনির্ভর অন্যান্য খাতে কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
রাষ্ট্রদূত কিম জি-জুন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ব্যক্তিগতভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান। তিনি এটিকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।