ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার
মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি অ্যান একেলস-কারি বাংলাদেশে প্রথম সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ দূত কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে তার মতবিনিময় এবং শরণার্থী শিবিরের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রথম সফর সম্পন্ন করায় জাতিসংঘের বিশেষ দূতকে অভিনন্দন জানান। একই সঙ্গে কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে তার সাক্ষাৎ ও মতবিনিময়ের অভিজ্ঞতা জানতে চান।
জবাবে বিশেষ দূত রোহিঙ্গা জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে তার আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের টেকসই সমাধান নিয়ে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে মিয়ানমারের, বিশেষ করে রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গারা এখনো সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন।
সেখানে অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা জরুরি।
বাংলাদেশের মানবিক অঙ্গীকারের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে তাদের আদি নিবাস মিয়ানমারে দ্রুত ও টেকসইভাবে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান।
এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত ও বাস্তবায়নযোগ্য একটি রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণ মোকাবিলায় অপরিহার্য।
এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের প্রতিও বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, এ রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে জাতিসংঘের বিশেষ দূতকে তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ।