ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।

এপিবিএনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের এপিবিএন কার্যালয়ে নেওয়া হয়।

সেখানে প্রথম আটক ব্যক্তি ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা করে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।

 

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন, একটি চক্র পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে।

এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের পেস্ট উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।


   আরও সংবাদ