ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার

ঢাকা: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বহুল প্রতীক্ষিত রায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি রায়ের সারসংক্ষেপ পাঠ করবেন।

 

গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার শামিল এবং এর জন্য মিয়ানমার রাষ্ট্রকে দায় বহন করতে হবে।

ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

 

মামলায় গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের গণহত্যা কনভেনশনের অধীনে দায় স্বীকার, চলমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে একই ধরনের লঙ্ঘন না করার নিশ্চয়তা দেওয়ার নির্দেশ চেয়েছে।

 

মিয়ানমার অবশ্য রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল সন্ত্রাসবিরোধী অভিযান।

অন্যদিকে, জাতিসংঘের বিভিন্ন তদন্তে ওই অভিযানে হত্যা, ধর্ষণ ও গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য উঠে এসেছে।

 

২০২২ সালের ২২ জুলাই আইসিজে রায় দেয়, গাম্বিয়ার করা মামলাটি গ্রহণের এখতিয়ার আদালতের রয়েছে এবং মামলাটি গ্রহণযোগ্য। এরপর মামলার মূল বিচারিক প্রক্রিয়া এগিয়ে যায়। কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ ১১টি রাষ্ট্র মামলায় হস্তক্ষেপের ঘোষণা দেয়।

আইসিজের বৃহস্পতিবারের রায়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি গণহত্যা কনভেনশন নিয়ে আদালতের এক দশকেরও বেশি সময় পর প্রথম গুরুত্বপূর্ণ রায়। রোহিঙ্গাদের জন্যও এটি দীর্ঘদিনের বিচার ও জবাবদিহির দাবির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

আইসিজের রায় রাষ্ট্রের দায় নির্ধারণ করে, তবে এটি ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার করে না। আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।


   আরও সংবাদ