ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মাছের উৎপাদন বাড়লেও রপ্তানিতে পিছিয়ে কেন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬ ১৫:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


মাছের উৎপাদন বাড়লেও রপ্তানিতে পিছিয়ে কেন

দেশে বছরে প্রায় ৫১ লাখ টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়ানোরও রয়েছে বিপুল সম্ভাবনা।

তবে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না কেন, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

 

তিনি বলেন, মৎস্য খাতের উৎপাদন ও রপ্তানি বাড়াতে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এজন্য গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয়ও ছিল উল্লেখযোগ্য।

এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না কেন, তা পর্যালোচনা করা প্রয়োজন। উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

 

মাছের স্বাদ ও গুণগতমান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করতে হবে। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ায় মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিল্পবর্জ্য পরিশোধন নিশ্চিত করার পাশাপাশি নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পানির প্রবাহ বাড়ার পাশাপাশি জলজ পরিবেশের উন্নয়ন ঘটবে। বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনা জরুরি। নদী ও খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে।

এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নে নেওয়া উদ্যোগের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বলেন তিনি।

মৎস্য খাতের উন্নয়নে দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এতে উৎপাদন ও রপ্তানি বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ