ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাল্টিক সাগরে রুশ কার্গো জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬ ১৪:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


বাল্টিক সাগরে রুশ কার্গো জাহাজে আগুন

রুশ সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজে শনিবার (২১ নভেম্বর) ড্রোন আঘাত হেনেছে। এতে কার্গো জাহাজটিতে আগুন ধরে যায়।

পরে সেটি বাল্টিক সাগর থেকে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে যায়। ফিনল্যান্ড জানিয়েছে, এটি সম্ভবত ইউক্রেনের হামলা।

 

স্পার্তা-২ নামের ওই জাহাজের ১৬ জন ক্রু লাইফবোটে করে পাশের একটি রুশ জাহাজে ওঠেন ও রাশিয়ার উদ্দেশে রওনা হন বলে শনিবার গভীর রাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইলেকে জানান ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন।

চলতি বছর ইউক্রেন রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলের দিকে ঝাঁকে ঝাঁকে সামরিক ড্রোন পাঠিয়েছে।

এর মধ্যে কয়েকটি বাল্টিক অঞ্চলের আকাশসীমায় ঢুকে পড়ে, যা থেকে যুদ্ধ ন্যাটো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

 

ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে বলেন, (হামলার) পেছনে সম্ভবত ইউক্রেন রয়েছে।

তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছিল, তা স্পষ্ট নয় বলে জানান তিনি।

 

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানায়, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার গভীর রাতেও জাহাজে আগুন জ্বলছিল এবং সেটি ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করা থাকায় দেশটি উদ্ধার অভিযান পরিচালনা করছিল। তবে শেষ পর্যন্ত রুশ জাহাজগুলো এই ধ্বংসাবশেষ টেনে দেশে নিয়ে যেতে পারে বলে জানান ফিনল্যান্ডের কর্মকর্তারা।

ফিনল্যান্ড উপসাগর কোস্টগার্ডের কমান্ডার মিক্কো সিমোলা জানান, উদ্ধার অভিযানের সময় একটি রুশ হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা সামান্য সময়ের জন্য লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

‘যুদ্ধ ছড়িয়ে পড়ছে’
হেলসিঙ্কি জানায়, বেসামরিক মানুষদের সুরক্ষায় এবং ড্রোন প্রতিহত করার প্রয়োজন হলে কর্তৃপক্ষ যেন অভিযান চালাতে পারে, সেজন্য পূর্ব ফিনল্যান্ড উপসাগরে সাময়িক বিমান ও নৌ চলাচল সীমিত করা হয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো এক্সে লেখেন, যুদ্ধ আমাদের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। ফিনল্যান্ড উপসাগরে একটি রুশ বাণিজ্যিক জাহাজে ড্রোন আঘাত হানার পর ফিনল্যান্ডের কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিচ্ছে। আগ্রাসনকারীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।

সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পাল জনসন জানান, ঘটনার পর ফিনল্যান্ড ও নেটোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ফিনল্যান্ডের কমান্ডের অধীনে সুইডিশ যুদ্ধবিমান অংশ নেয়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের জবাবে ফিনল্যান্ড ও সুইডেন যথাক্রমে ২০২৩ ও ২০২৪ সালে সামরিক জোট ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ হিসেবে যোগ দেয়।

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল এক্সে লেখেন, রাশিয়ার আগ্রাসন মোকাবিলার প্রভাব বাল্টিক সাগরে পৌঁছেছে। আগ্রাসনকারীকে থামার আরেকটি সংকেত এটি। তবে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে আমাদের কিছুই থামাতে পারবে না।

এস্তোনিয়ার সরকার জানায়, অগ্নিনির্বাপণ ও দূষণ মোকাবিলার কাজসহ উদ্ধার অভিযানে সহায়তা করতে তারা একটি নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে।

এ নিয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হেলসিঙ্কিতে অবস্থিত রাশিয়ার দূতাবাসও কোনো মন্তব্য করেনি।

মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত ও রুশ শিপিং কোম্পানি ওবোরনলোগিস্টিকার সঙ্গে যুক্ত।

কোম্পানির ওয়েবসাইটের তথ্যমতে, ওবোরনলোগিস্টিকা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লজিস্টিক সেবা দেয়।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর ইলজিন বলেন, এই মুহূর্তে জাহাজে কী পণ্য রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে এতে সামরিক সরঞ্জাম থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।

লেনিনগ্রাদ অঞ্চলে ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকসান্দর দ্রোজদেনকো টেলিগ্রামে জানান, রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৩ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় একটি কার্গো জাহাজে দুটি ড্রোন হামলা চালিয়েছে।

দ্রোজদেনকো আরও জানান, রাতভর লেনিনগ্রাদ অঞ্চলের ওপর ৮০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ফিনল্যান্ডের সামরিক বাহিনী গত সপ্তাহে জানায়, লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার ঢেউ চলার সময় একই এলাকায় একটি রুশ যুদ্ধজাহাজে হামলার বিষয়টি তারা শনাক্ত করেছিল।

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভান্নিখ বলেন, এ ঘটনা ওই অঞ্চলে পণ্য সরবরাহের ক্ষেত্রে কোনো হুমকি তৈরি করেনি।

পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ মাঝেমধ্যেই রাশিয়া, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

রাশিয়া এর আগে নিজস্ব জলসীমার বাইরে তাদের বাণিজ্যিক জাহাজে হামলাকে সন্ত্রাসবাদ ও জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে।

এলএসইজির তথ্য অনুযায়ী, স্পার্তা-২ হলো ওবোরনলোগিস্টিকার মালিকানাধীন ১২১ মিটার (৩৯৭ ফুট) দীর্ঘ রুশ পতাকাবাহী কার্গো জাহাজ, যা শুক্রবার সেন্ট পিটার্সবার্গ থেকে ছেড়ে এসেছিল।

ফিনল্যান্ড উপসাগর হলো ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মধ্যবর্তী বাল্টিক সাগরের একটি সরু অংশ, যা পূর্বে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত বিস্তৃত। গোগল্যান্ড পূর্ব ফিনল্যান্ড উপসাগরে অবস্থিত।

সূত্র: রয়টার্স


   আরও সংবাদ