স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
বিসিবি সভাপতি তামিম ইকবালের মাধ্যমে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা দেশবাসী আগেই জেনেছেন। খবর প্রকাশ্যে আসার পর এবার নিজের অনুভূতি ও দীর্ঘ ২২ বছরের পথচলার স্মৃতিচারণ করেছেন মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পরিবার, কোচ, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। বিশেষ করে মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি যে আজীবন হৃদয়ে জায়গা করে থাকবে, সেটিও জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টের শুরুতেই মুশফিক লিখেছেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে।’
দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর।
সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।
’
এই দীর্ঘ পথচলায় পাশে থাকা পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মুশফিক। বিশেষভাবে স্মরণ করেছেন মিরপুরের দর্শকদের ভালোবাসা।
মুশফিক লেখেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’
ক্রিকেটের বাইরেও জীবনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ভালো মানুষ হওয়ার পাশাপাশি বিনয়ী থাকা, মানুষের প্রতি সদয় হওয়া এবং অন্যদের অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা জানিয়ে মুশফিক লিখেছেন, ‘আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।’
শেষে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এই উইকেটকিপার-ব্যাটার।