স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
দীর্ঘদিন ধরে আটকে থাকা স্পন্সর প্রতিষ্ঠানের বকেয়া অর্থ আদায়ে এবার সমঝোতার পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বর্তমান নির্বাহী কমিটিতে থাকায় ‘স্বার্থের সংঘাত’ (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে নিরপেক্ষ দুজন সদস্যকে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বাফুফের নির্বাহী কমিটির সভায় সিলেটে দেশের প্রথম হাইব্রিড মাঠ স্থাপন, রামু টেকনিক্যাল সেন্টার এবং ঘরোয়া লিগ আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।
নির্বাহী কমিটির সভায় ইন্টারনাল অডিট কমিটির পর্যবেক্ষণে দুটি প্রতিষ্ঠানের কাছে ফেডারেশনের দীর্ঘদিনের বকেয়া স্পন্সর অর্থের বিষয়টি উঠে আসে।
ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলেন, বকেয়া থাকা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বর্তমানে বাফুফের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন; তারা টাকা পরিশোধে রাজি হয়েছেন কি না এবং এক্ষেত্রে ফেডারেশনের স্বার্থ রক্ষা হবে কি না।
শুরুতে নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু জানান, ওই প্রতিষ্ঠানগুলো এখনো টাকা দিতে রাজি হয়নি, তবে দ্রুত অর্থ আদায়ের জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরে বিষয়টির ব্যাখ্যা দিয়ে বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘এটি বেশ দীর্ঘদিনের পেন্ডিং একটি বিষয়। আজ অডিট কমিটির পর্যবেক্ষণের পর এ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।
এখানে দুই পক্ষেরই কিছু বক্তব্য আছে। আমরা চাই বিষয়টিকে একটি সমঝোতায় নিয়ে এসে দ্রুত নিষ্পত্তি করতে।’
কমিটির সদস্যদের সংশ্লিষ্টতা ও স্বার্থের সংঘাতের শঙ্কা নাকচ করে জাহেদী আরও বলেন, ‘আমরা এই বিষয়টি দেখভালের জন্য যাদের দায়িত্ব দিয়েছি, তাদের সাথে এর কোনোভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নেই। ফলে এখানে ফেডারেশনের স্বার্থ ব্যাহত হওয়ার কোনো সুযোগ নেই, স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হবে।’
দেশের প্রথম হাইব্রিড ফুটবল মাঠ সিলেটে স্থাপনের কাজ এগোলেও কাস্টমস ছাড়পত্রের কারণে তা কিছুটা বিলম্বিত হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, হাইব্রিড মাঠের ঘাসের বীজ ও কৃষি সংক্রান্ত কিছু কারিগরি ছাড়পত্রের প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘সিলেটে আমাদের প্রথম হাইব্রিড মাঠটি হতে যাচ্ছে। এতে কিছু বীজ ও কৃষির বিষয় জড়িত থাকায় টেকনিক্যাল ক্লিয়ারেন্স পেতে আরও এক-দুই সপ্তাহ সময় লাগবে। বাকি সব কিছু প্রস্তুত আছে। ছাড়পত্র পেলেই শিপমেন্ট হয়ে যাবে। পর্যায়ক্রমে অন্য জায়গাতেও আমরা এমন মাঠ করার চেষ্টা করব।’
অন্যদিকে, কক্সবাজারের রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টারের জমি ফেডারেশন বুঝে পেয়েছে। প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বুঝে নিতে একটি কমিটি গঠনের পাশাপাশি এর কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের (টেকনিক্যাল ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট) দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)। বুয়েটের কারিগরি মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পরই এই প্রকল্পের বাজেট চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সহ-সভাপতি।
সভায় ঘরোয়া ফুটবলের দুটি গুরুত্বপূর্ণ আসরের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ফিফার নিয়ম মেনে নারী ফুটবল লিগ আয়োজনের প্রস্তাব পাস হয়েছে, যেখানে ১০ অথবা ১২টি দল অংশ নেবে। তবে লিগ শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) ১০টি দলকে প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। ফার্স্ট ইনস্ট্যান্স বডি (এফআইবি) যাচাই-বাছাই শেষে প্রতিবেদন দিলে দলগুলোর অংশগ্রহণ চূড়ান্ত করবে বাফুফে।
পাশাপাশি বাফুফে ভবনের নতুন মিডিয়া সেন্টারের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।