ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইজেনকোটকে আগে প্রধানমন্ত্রী করার প্রস্তাব নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


আইজেনকোটকে আগে প্রধানমন্ত্রী করার প্রস্তাব নেতানিয়াহুর

ইসরায়েলে পালাক্রমে প্রধানমন্ত্রী থাকার ব্যবস্থায় জাতীয় ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

নেতানিয়াহু শুরুতে থাকবেন বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।

 

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, নেতৃত্বের দায়িত্ববোধ থেকে তাকে সবকিছু পাশে সরিয়ে রাখতে হবে।

এমনকি সবচেয়ে বড় দলের সরকারপ্রধান হওয়ার নীতিও বাদ দিতে হবে। শুরুতে তিনি ‘বিকল্প প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান।

 

চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে ২৮ দিনের মধ্যে সরকার গঠনের দায়িত্ব দেন। নেতানিয়াহুর প্রস্তাবের পরপরই আইজেনকোট তাকে ‘প্রকৃত ও দ্রুত আলোচনায়’ বসার আমন্ত্রণ জানান।

 

৬ ডিসেম্বরের সময়সীমা সামনে রেখে জোট আলোচনা বিলম্বিত করার জন্য শুক্রবার নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন আইজেনকোট।

অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের মধ্যপন্থি ইয়াশার পার্টি ও অন্য তিনটি ইহুদি বিরোধী দল মিলে ৪৮টি আসন পেয়েছে। নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

নির্বাচনের পর সপ্তাহজুড়ে সব দলের সঙ্গে পরামর্শ করে সাবেক সেনাপ্রধান আইজেনকোটকে প্রথমে সরকার গঠনের সুযোগ দেন প্রেসিডেন্ট হারজগ।

নির্বাচনে আরব নেতৃত্বাধীন দুটি জোট ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট মিলে রেকর্ড ১৯টি আসন পেয়েছে। আরব ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে তাদের এ সাফল্য এসেছে।

এতে সরকার গঠনে দল দুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নির্বাচনের আগে একটি ছাড়া ইহুদি দলগুলো তাদের সঙ্গে সরকার গঠনে কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

শনিবার ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপন্থি ইসলামপন্থি দল রা’আমের নেতা মানসুর আব্বাস ইঙ্গিত দেন, তিনি ও তার দল হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। রা’আমের সহ-উদ্যোগে আনা একটি বিলের পক্ষে ভোট দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। ওই বিলে হামাসকে এভাবে চিহ্নিত করা হয়েছিল। এমন পদক্ষেপ নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকোটের সম্ভাব্য জোটে রা’আমের যোগ দেওয়ার পথ খুলে দিতে পারে।

প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কিছুটা অগ্রগতি হয়েছে আইজেনকোটের। তিনি ইসরায়েল বেইতেনু পার্টি ও ডেমোক্র্যাটসের সঙ্গে জোট চুক্তিতে পৌঁছেছেন।

তার জোটের চতুর্থ দল বেয়াচাদের নেতৃত্বে রয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বৃহস্পতিবার তিনি লিকুদকে নিয়ে ঐক্য সরকার গঠনের পক্ষে মত দেন, যেখানে প্রথমে প্রধানমন্ত্রী হবেন আইজেনকোট।

রোববার নেতানিয়াহুর মন্তব্যের পর বেনেট বলেন, আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকারে যোগ দিতে রাজি হয়ে নেতানিয়াহু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, এ সরকার হবে ‘যারা দেশের সেবা করেন, তাদের জোটের’ ভিত্তিতে গঠিত।

নেতানিয়াহু বলেন, অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি এবং সেই হুমকি মোকাবিলায় অক্ষম একটি সরকার গঠনের আশঙ্কা থেকেই তিনি ঐক্য সরকারের প্রস্তাব দিয়েছেন।

জবাবে আইজেনকোট বলেন, লিকুদ সত্যিকারের ঐক্য চাইলে আগামী ২৪ ঘণ্টায় তাদের আগ্রহের প্রমাণ যাচাই করতে তিনি প্রস্তুত।

ইয়াশার নেতা জানান, গত রোববার নেতানিয়াহুর কাছে পাঠানো বিস্তারিত প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা হবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো জবাব পাইনি।’

শুক্রবার আইজেনকোট অভিযোগ করেছিলেন, লিকুদ আলোচনা বিলম্বিত করছে এবং গত দুই সপ্তাহে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। লিকুদ সত্যিই আলোচনায় আগ্রহী কি না, সে প্রশ্নও তুলেছিলেন তিনি। এর কয়েক ঘণ্টা পর শনিবার নেতানিয়াহু ঐক্য সরকারের প্রস্তাব দেন।

ইসরায়েলে কোনো রাজনৈতিক দল কখনো এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে সব সরকারই জোটের মাধ্যমে গঠিত হয়েছে।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের রাজনীতিতে বিভক্তি ছিল তীব্র। ওই সময়ে নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বীরা বারবার সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: বিবিসি


   আরও সংবাদ