স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬ ২০:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দলে বেশ কিছু পরিবর্তন এসেছে।
দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম ও ইয়াসির আলী।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কোয়াডে জায়গা হয়নি নুরুল হাসান সোহান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকতের। বোলিং অ্যাকশনের সমস্যার কারণে বাদ পড়েছেন আলিস আল ইসলামও।
সোমবার (২৩ নভেম্বর) ঘোষিত এই দলে অভিজ্ঞদের সঙ্গে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্বাচকরা। এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। প্রায় সাড়ে তিন বছর পর এই সংস্করণে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি। দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী ও পেসার খালেদ আহমেদও।
নাঈম ও জাকের সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৫ সালের অক্টোবরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে। ইয়াসিরের সর্বশেষ ওয়ানডে ছিল ২০২৩ সালের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর খালেদ সর্বশেষ এই সংস্করণে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে।
অন্যদিকে বিভিন্ন কারণে এবারের দলে জায়গা হয়নি সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ ও সৌম্য সরকারের। তাদের মধ্যে কনুইয়ের চোটে ভুগছেন পেসার হাসান মাহমুদ। আর ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া স্পিনার আলিস আল ইসলাম অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ৪ ডিসেম্বর গেবেরহার সেন্ট জর্জেস পার্কে হবে দ্বিতীয় ম্যাচ। ৭ ডিসেম্বর কেপ টাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচগুলো।
দক্ষিণ আফ্রিকা সিরিজের বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় (সহঅধিনায়ক), ইয়াসির আলী, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।