ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জ্বালানির উচ্চ মূল্য, দেশে দেশে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার


জ্বালানির উচ্চ মূল্য, দেশে দেশে বিক্ষোভ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রভাবে তেল ও জ্বালানির দাম উচ্চ পর্যায়ে থাকায় বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাড়তি জ্বালানি ব্যয় পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন খাত ও জরুরি সেবার ওপর চাপ বাড়াচ্ছে।

সিএনএনের প্রতিবেদন এবং রয়টার্সসহ সংশ্লিষ্ট দেশের সরকারি ও স্থানীয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

 

পারস্য উপসাগরে ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের আরও হামলা এবং ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় তেলের সরবরাহ ও পরিবহন নিয়ে উদ্বেগ বেড়েছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ায়। 

 

মঙ্গলবার ব্রেন্ট ক্রুড ১০৮ দশমিক ৭৫ ডলারে লেনদেন শেষ করে।

তবে বুধবার সকালে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ার খবরে দাম কিছুটা কমে প্রায় ১০৮ দশমিক ০২ ডলারে নেমেছে।

 

যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চ দামের প্রভাব পড়তে পারে আসন্ন শীতের গৃহস্থালি ব্যয়েও।

সিএনএনের উদ্ধৃত পূর্বাভাস অনুযায়ী, যেসব পরিবার ঘর গরম রাখতে হিটিং অয়েল ব্যবহার করে, তাদের এ শীতে আগের বছরের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি খরচ হতে পারে। যুক্তরাষ্ট্রের মোট পরিবারের প্রায় ৪ শতাংশ হিটিং অয়েলের ওপর নির্ভরশীল; নিউ ইংল্যান্ড ও মধ্য আটলান্টিক অঞ্চলে এর ব্যবহার বেশি।

 

সিরিয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) সরকার ডিজেলের দাম প্রায় ৪০ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১৭৫ সিরীয় পাউন্ড করেছে। ৯৫ অকটেন পেট্রলের দাম ২৮ শতাংশ এবং ৯০ অকটেন পেট্রলের দাম ২৬ শতাংশ বাড়ানো হয়। এরপর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়।

পরদিন বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করেন, টায়ারে আগুন দেন এবং অপরিশোধিত তেলবাহী ট্যাংকারের চলাচল বন্ধ করে দেন। কেউ কেউ জ্বালানি ও অর্থমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। সরকার বলছে, বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি, আমদানিনির্ভরতা এবং বানিয়াস শোধনাগারে সংস্কারকাজের কারণে সাময়িকভাবে দাম বাড়াতে হয়েছে। দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশিরকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পার্লামেন্টের শুনানিতে ডাকা হয়েছে।

গুয়াতেমালায়ও জ্বালানির উচ্চ দামের প্রতিবাদে ট্রাকচালক, আদিবাসী সংগঠনসহ বিভিন্ন গোষ্ঠী সড়ক ও মহাসড়ক অবরোধ করেছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির কংগ্রেস ৮ সেপ্টেম্বর ১৩০ ভোটে জ্বালানির দাম নিয়ন্ত্রণে একটি ডিক্রি অনুমোদন করে।

ডিক্রিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজেল ও নিয়মিত পেট্রলের সর্বোচ্চ মূল্য প্রতি গ্যালন ৩৯ কুয়েটজাল এবং উন্নতমানের পেট্রলের মূল্য ৪১ কুয়েটজাল রাখার ব্যবস্থা করা হয়েছে। বাজারদর এর বেশি হলে সরকারি তহবিল থেকে আমদানিকারকদের পার্থক্য সমন্বয়ের ব্যবস্থা রয়েছে। তবে এই ব্যবস্থা কার্যকর করতে সরকারি প্রকাশনা ও প্রয়োজনীয় বিধিমালা জারির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পর্তুগালের উপকূলীয় শহর এসপিনহোতে শনিবার প্রায় ৮০ জন ব্যবসায়ী ও সাধারণ মানুষ জ্বালানির দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা সান্তা মারিয়া দা ফেইরা থেকে ধীরগতির গাড়িবহর নিয়ে এসপিনহো যান এবং পরে প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর ব্যক্তিগত বাসভবনের কাছাকাছি পর্যন্ত পদযাত্রা করেন। পুলিশ তাদের আরও সামনে যেতে দেয়নি।

দেশটির পর্তুগিজ ফায়ারফাইটার্স লিগ জানিয়েছে, ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে দমকল সংস্থাগুলোর জ্বালানি ব্যয় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এতে বিশেষ করে রোগী পরিবহনসহ বিভিন্ন সেবা পরিচালনায় আর্থিক চাপ তৈরি হয়েছে। পরে সরকার পণ্য পরিবহনকারী, ট্যাক্সিচালক, দমকল বাহিনী ও সামাজিক খাতকে সহায়তায় নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করেছে।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ফস-সুর-মেরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রায় ৫০ জন জেলে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো প্রায় সাত ঘণ্টা অবরোধ করে রাখেন। জ্বালানির উচ্চ দাম ও পেশাগত ব্যয় বৃদ্ধির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন। পুলিশের হস্তক্ষেপের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনাও হয়। পরে অবরোধ তুলে দেওয়া হলে ডিপো আবার কার্যক্রম শুরু করে।

ফিলিপাইনে পরিবহন সংগঠন মানিবেলার নেতৃত্বে সোমবার ও মঙ্গলবার দুই দিনের দেশব্যাপী পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। সংগঠনটি জ্বালানির দাম কমাতে সরকারি সহায়তা বাড়ানো এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

দেশটিতে মঙ্গলবার নতুন করে পেট্রোলের দাম লিটারপ্রতি ৫ দশমিক ৬৮ পেসো, ডিজেলের দাম ৪ দশমিক ৩১ পেসো এবং কেরোসিনের দাম ৪ দশমিক ৬২ পেসো পর্যন্ত বেড়েছে। ফিলিপাইনের জ্বালানি বিভাগ জানিয়েছে, অপরিশোধিত তেলের গড় দাম আইনে নির্ধারিত ৮০ ডলারের সীমা অতিক্রম করায় পেট্রোলিয়াম পণ্যের আবগারি কর কমানো বা সাময়িক স্থগিত করার বিষয়টি এখন সরকারি অর্থনৈতিক কর্তৃপক্ষ বিবেচনা করতে পারবে। গণপরিবহন চালকদের জন্য জ্বালানি ভর্তুকিও চালু রয়েছে।

সিরিয়া থেকে গুয়াতেমালা, পর্তুগাল, ফ্রান্স ও ফিলিপাইন—বিক্ষোভগুলোর ধরন আলাদা হলেও মূল উদ্বেগ একই। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও জ্বালানি সরবরাহের বিঘ্নে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকায় পরিবহন, ব্যবসা ও দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশ এখন মূল্যসীমা, ভর্তুকি ও কর ছাড়ের মতো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।


   আরও সংবাদ