ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবদের মাঠে নামার নির্দেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবদের মাঠে নামার নির্দেশ

বিদ্যুতের চলমান সংকট মোকাবিলা ও সরকারের অগ্রাধিকার প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে সচিবদের মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিজ নিজ জেলার প্রকল্পগুলো সরেজমিনে দেখে বাস্তবায়নের সমস্যা চিহ্নিত এবং জনগণের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকারি অফিসগুলোতে সৌর প্যানেল স্থাপনের বিষয়েও দেওয়া হয়েছে নির্দেশনা।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে সভা চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, সভায় ৬১ জন সচিব উপস্থিত ছিলেন।

 

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সচিবদের এ বৈঠক মূলত অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাগিদ দেওয়ার জন্য করা হয়েছে। কীভাবে কাজের দক্ষতা আরও বাড়ানো যায় এবং কোন কাজ কীভাবে করতে হবে, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

 

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প নিয়ে দপ্তরগুলোতে সাধারণত কাঠামোবদ্ধভাবে আলোচনা হয়। তবে এবারের বৈঠকে বিদ্যুতের চলমান সমস্যা এবং পরদিন কী কী পদক্ষেপ নেওয়া যায়, কীভাবে সমস্যাগুলো মোকাবিলা করা যায় এসব বিষয়ে সংশ্লিষ্টদের সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্পের সমস্যা জানতে মাঠে যেতে হবে

অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সচিবদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রত্যেক সচিবকে নিজ নিজ জেলার দায়িত্বের বিষয়গুলো মাঠপর্যায়ে খোঁজ নিতে বলা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে কী সমস্যা হচ্ছে, তা জনগণের সঙ্গে কথা বলে চিহ্নিত করতে হবে।

প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় দক্ষতা এবং সংস্কারের উপাদান নিয়েও কাজ করতে বলা হয়েছে। এসব বিষয়ে কাজ করে পরবর্তী সময়ে জানাতে বলা হয়েছে, যাতে সম্মিলিতভাবে কাজের মান আরও উন্নত করা যায়।

সরকারি অফিসে সৌর প্যানেল

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি অফিসগুলোতে সৌর প্যানেল স্থাপনের বিষয়েও সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০) নিয়ে সভায় আলোচনা হয়।

সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়টিও আলোচনায় ছিল। জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয়ে সিনিয়র সচিব ও সচিবদের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব পর্যালোচনা করা হয়। এ ছাড়া বিবিধ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা

নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হলো। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়। সরকার দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর মঙ্গলবার প্রথম সচিব সভা অনুষ্ঠিত হলো।

সচিব সভাকে সরকারের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা হিসেবে বিবেচনা করা হয়। এ সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা করেন।


   আরও সংবাদ