ঢাকা, বুধবার, ১২ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ অগাস্ট, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত

বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বরে সম্ভাব্য সাদা বলের সিরিজের সময়েই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

সূচিতে খেলার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্মতির কথাও জানিয়েছে আফগান বোর্ড।

 

এই সূচির কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের পূর্বনির্ধারিত সিরিজটি নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ আয়োজনের জন্য সময় নির্ধারণ করেছিল। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজের অন্তত একটি ম্যাচ ওই সময়সীমার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

 

সিরিজটি নিয়ে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা আসেনি। তবে নির্ধারিত সময়ের আর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকায় বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে বলে উল্লেখ করেছে ক্রিকবাজ।

বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে আফগানিস্তান সিরিজের সূচি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এসিবি। বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ধারিত তারিখ ও ভেন্যু নিশ্চিত করে তারা সংশ্লিষ্ট পক্ষগুলোকে চিঠি দিয়েছে। এর মাধ্যমে সম্প্রচারস্বত্বধারীদের সময়সূচি অনুযায়ী পরিকল্পনা, প্রযোজনা, সরঞ্জাম ও প্রচারণার প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।


   আরও সংবাদ