স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
আগামী ১০ বছর, ২০ বছর কিংবা ভবিষ্যতের কোনো এক সময়ে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশের ফুটবলকে শূন্য থেকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর সম্প্রচার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ যেভাবে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থন করেন, তেমনি একদিন নিজের দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে সমর্থন করার স্বপ্নও দেখেন। আমিও সেই স্বপ্ন দেখি।
তিনি বলেন, আমি নির্দিষ্ট কোনো সময় বলতে চাই না। ১০ বছর, ১২ বছর বা ২০ বছর—এমন কোনো সময়সীমা নির্ধারণ করছি না।
তবে আমরা শূন্য থেকে শুরু করেছি। আমি যখন খেলোয়াড় ছিলাম, তখনও ফুটবলের নানা সীমাবদ্ধতার কথা বলেছি। এখন দায়িত্ব পাওয়ার পর সেই সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু করেছি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ফুটবল উন্নয়নে বিভিন্ন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে এসব কার্যক্রম বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে জায়গা করে নিতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি ফুটবলপ্রেমী দেশ। আমি বিশ্বাস করি, ১০ বছর, ২০ বছর কিংবা ভবিষ্যতের কোনো এক সময়ে বাংলাদেশ অবশ্যই ফুটবল বিশ্বকাপে খেলবে। সেই স্বপ্ন আমিও দেখি।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শুধু ফুটবল নয়, অলিম্পিকের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরেও বাংলাদেশকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের উপযোগী করে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, অলিম্পিকের প্রস্তুতিও আমরা শূন্য থেকে শুরু করেছি। আন্তর্জাতিক মানের ক্রীড়াব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে শক্ত অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
এ সময় বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর খেলা বিনা খরচে সফলভাবে সম্প্রচারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।