ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
চট্টগ্রাম: সদ্য সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ ও তার বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা নিয়ে সরকার সবকিছু যাচাই-বাছাই করে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
রোববার (২৬ জুলাই) নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের ৯০ দিনের মধ্যে পরবর্তী ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং সরকার সেই প্রক্রিয়া অনুসরণ করেই এগোবে।
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি-না কিংবা তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এখনই সবকিছু প্রকাশ করা সম্ভব নয়। এ সংক্রান্ত বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং প্রয়োজন হলে যথাসময়ে জানানো হবে।
পুরো বিষয়টি দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার একদিকে জনগণের প্রত্যাশা ও জনদাবিকে গুরুত্ব দেবে, অন্যদিকে আইনের শাসনও নিশ্চিত করবে।
কোনো ব্যক্তি যেন আইনি প্রক্রিয়ায় অন্যায়ের শিকার না হন, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে। এ বিষয়ে সরকারপ্রধানের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
বিচারিক সংস্কারের বিষয়ে আইনমন্ত্রী বলেন, মিথ্যা মামলা কমানোর লক্ষ্যে সরকার ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধিতে ১৭৩(এ) ধারা সংযোজন করে আইন পাস করেছে। প্রক্রিয়াটি বর্তমানে ‘ফাস্ট ট্র্যাকে’ রয়েছে এবং খুব শিগগিরই এর ফলাফল দৃশ্যমান হবে। এর মাধ্যমে তদন্তে অভিযোগের সত্যতা না পেলে অযথা মামলা চালিয়ে নেওয়ার প্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।