ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬ ২২:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।
রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বিইআরসি ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বৃদ্ধি করে ১,৯৪০ টাকা নির্ধারণ করেছে।
অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা মূল্যবৃদ্ধি জনজীবনকে ওষ্ঠাগত করে তুলবে। এর আগে গত ২ এপ্রিল এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির চাপে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এ ধরনের সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। জ্বালানি তেলের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এলপিজি একটি অপরিহার্য জ্বালানি। এই মূল্যবৃদ্ধির ফলে রান্নার ব্যয় বাড়ার পাশাপাশি সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ও বাড়বে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল এই মূল্যবৃদ্ধিকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেন এবং অবিলম্বে এই অযৌক্তিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।