আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬ ২২:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জন্য এটি একটি শান্তি চুক্তিতে রাজি হওয়ার ‘শেষ সুযোগ’।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান যদি এই চুক্তিতে সই না করে, তাহলে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।
’
তিনি আবারও উল্লেখ করেন, চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে।
প্রস্তাবিত এই চুক্তির শর্তের মধ্যে রয়েছে—হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরান যেন সমৃদ্ধ ইউরেনিয়াম না রাখে, তা নিশ্চিত করা।
ট্রাম্প আরও বলেন, তিনি ২০১৫ সালের চুক্তির মতো ‘একই ভুল’ করবেন না, যেটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ইরানের সঙ্গে করেছিল।
সেই চুক্তিতে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানকে ১৫ বছর পর্যন্ত সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল, যা কেবল বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয়।
পাশাপাশি, ইরানের ইউরেনিয়াম মজুত ৩০০ কেজির মধ্যে সীমাবদ্ধ রাখার শর্তও ছিল।
তবে ট্রাম্প ২০১৮ সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন, একে ‘সবচেয়ে খারাপ এবং একতরফা চুক্তিগুলোর একটি’ বলে আখ্যা দিয়ে।
এরপর থেকে ইরান তাদের ইউরেনিয়াম মজুত বাড়িয়ে প্রায় ৪০০.৯ কেজিতে উন্নীত করেছে, যার সমৃদ্ধির মাত্রা ৬০ শতাংশ ইউরেনিয়াম-২৩৫, যা সহজেই অস্ত্রমানের ৯০ শতাংশে উন্নীত করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান