ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপির পতন হবে ৯৬’র মতো

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬ ১৩:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


বিএনপির পতন হবে ৯৬’র মতো

ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, গণভোট ও জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিলে, জনগণের প্রত্যাশা পূরণ না হলে এবং আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় দেশ চালালে বিএনপির পতন হবে ১৯৯৬ সালের মতো।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় ঐক্য এই সেমিনারের আয়োজন করে।

 

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবকে শক্তিশালী করতে আইনি ভিত্তি হিসেবে গণভোটের সিদ্ধান্ত হয়েছিল।

সেখানে বিএনপিও ঐকমত্য পোষণ করেছিল এবং কোনো নোট অব ডিসেন্ট দেয়নি। অথচ এখন সেই গণরায়কে তারা অস্বীকার করছে।

একটি ভোটকে বৈধ এবং অন্যটিকে অবৈধ বলার সুযোগ নেই।

 

তিনি আরও বলেন, ১৯৯০-৯১ সালের রেফারেন্স দিয়ে গণভোটকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে।

কিন্তু বাস্তব সত্য হলো, ২০২৬ সালের ১৩ মে জনগণ একই দিনে সংসদ ও গণভোট উভয় ক্ষেত্রেই রায় দিয়েছে। এই রায়কে পাশ কাটিয়ে যাওয়া মানে জনগণের সাথে প্রতারণা করা।

 

সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের এই নেতা বলেন, অস্থিরতা পরিহার করে দ্রুত সংবিধান পরিষদের শপথ নিন, অধিবেশন ডাকুন এবং পূর্ণ সংস্কার বাস্তবায়ন করুন। অন্যথায় রাজপথেই এর সমাধান হবে। মনে রাখবেন, ২০২৪ শেষ অভ্যুত্থান নয়; জনগণ প্রয়োজন হলে আবারও রক্ত দেবে, কিন্তু লক্ষ্যচ্যুত হবে না।

সেমিনারে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ন্যাশনাল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এছাড়াও ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা এতে উপস্থিত ছিলেন। 


   আরও সংবাদ