ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বস্তিতে ডিএনসিসির ৪৫০ সোলার স্ট্রিট লাইট

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬ ২২:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


বস্তিতে ডিএনসিসির ৪৫০ সোলার স্ট্রিট লাইট

রাজধানীর ভাষানটেক এলাকায় নাগরিক নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বস্তি এলাকায় ৪৫০টি সোলার-ভিত্তিক এলইডি সড়ক বাতি স্থাপন করেছে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ভাষানটেক বেনারসি পল্লীর ২ নম্বর গেট সংলগ্ন স্থানে এসব সোলার স্ট্রিট লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ডিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে ও ভাষানটেক বস্তিতে সোলার স্ট্রিট লাইট স্থাপন সেই উদ্যোগেরই অংশ।

ডিএনসিসি প্রশাসক এলাকাবাসীর উদ্দেশে বলেন, এই লাইটগুলো আপনাদের টাকায় স্থাপন করা হয়েছে।

এগুলো আপনাদের সম্পদ, তাই রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনাদের নিতে হবে।

 

শফিকুল ইসলাম খান জানান, নিম্নআয়ের মানুষের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

দেশের উন্নয়নে যারা কাজ করছেন, তাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

তিনি বলেন, আমরা আমাদের ওয়াদা পূরণ করছি। আমরা চাই এই এলাকা থেকে মাদক, চুরি ও ছিনতাই বন্ধ হয়ে যাক।

 

একইসঙ্গে তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে পরিবারে মোবাইল ব্যবহারের ওপর নজরদারির আহ্বান জানান, যাতে কেউ অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কার্যক্রমে জড়িয়ে না পড়ে।

প্রকল্পের আওতায় ভাষানটেক বস্তির বিভিন্ন সরু রাস্তা ও গলিতে মোট ৪৫০টি সোলার বেজড এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভরতা কমবে।

ভাষানটেক বস্তিতে বসবাসরত প্রায় দেড় লাখ মানুষের জন্য এই উদ্যোগ রাত্রিকালীন চলাচলকে আরও নিরাপদ ও সহজ করবে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তা বাড়বে এবং চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, এই সোলার স্ট্রিট লাইট প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ৫৮,৩২০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় হবে। পাশাপাশি এলইডি প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুতের অপচয়ও কমবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।


   আরও সংবাদ