ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দায়িত্ব বুঝে নিলেন হাবিবুল বাশাররা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


দায়িত্ব বুঝে নিলেন হাবিবুল বাশাররা

জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। তার সঙ্গে নতুন নির্বাচক হিসেবে কাজ শুরু করেছেন নাদিফ চৌধুরী ও নাঈম ইসলাম। আর আগের মতোই প্যানেলের সদস্য হিসেবে দায়িত্বে আছেন হাসিবুল হোসেন শান্ত।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বুধবার দুপুরে চার সদস্যের এই নির্বাচক প্যানেল বৈঠকে বসে।

বৈঠকে নতুন সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আসন্ন সিরিজগুলোকে সামনে রেখে প্রাথমিক পরিকল্পনা ও ভাবনা বিনিময় করেন।

 

প্রধান নির্বাচক হওয়ার পরপরই সৌদিতে ওমরা করতে চলে যান বাশার। মঙ্গলবার দেশে ফিরেই বুধবার বিসিবিতে টিম মেম্বারদের নিয়ে সভায় বসে গেছেন তিনি। প্রথম দিনে বৈঠকে তেমন কিছু ছিল না বলেই বাংলা নিউজকে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার, ‘প্রথম দিনে নিজেদের মধ্যে টুকটাক আলাপ হয়েছে।

আনুষ্ঠানিকভাবে কিছু না। আমরা দ্রুতই নিউজিল্যান্ডের দলটা দিয়ে দেব।’

 

প্রধান নির্বাচক হিসেবে এবারই প্রথম চেয়ারে বসলেও নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে আগেও দায়িত্ব পালন করেছিলেন হাবিবুল বাশার। ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে নারী দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান।

 

পুরো প্যানেল নিয়ে দারুণ খুশি বাশার, ‘আমাদের টিমটা ভালো হয়েছে। আশা করি আমাদের কম্বিনেশনটা ভালো হবে। নাঈম ও নাদিফ—সবাই অনেক বছর ঘরোয়া ক্রিকেট খেলেছে, তাদের অভিজ্ঞতা এখানে কাজে দেবে।

শান্ত তো আগেই ছিল।’

 

চার সদস্যের নির্বাচক প্যানেলে হাবিবুল বাশার ও হাসিবুল হোসেন শান্ত ছাড়াও দুই সদস্য হচ্ছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ারে নাঈম ঘরোয়া ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি করে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও তার। অন্যদিকে নাদিফ চৌধুরীও দীর্ঘ সময় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ক্যারিয়ার শেষে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবেও কাজ করছিলেন তিনি।

নির্বাচক হিসেবে প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নাদিফ বাংলা নিউজকে বলেন, ‘স্বাভাবিক অনুভূতি। বোর্ডে আসা-যাওয়া একদম না থাকলে বিষয়টা অন্যরকম লাগত। কিন্তু কেবল ডিপার্টমেন্টটা পরিবর্তন হয়েছে। আজকে আমরা একসঙ্গে বসেছি। নিজেদের মধ্যে আলাপ হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। কালকে আবার বসব, দ্রুততম সময়ে নিউজিল্যান্ড সিরিজের দল দিয়ে দেব।’

জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে নাদিফ বলেন, ‘আমাদের নির্বাচন প্রক্রিয়া একেবারে স্বচ্ছ হবে। প্রতিটি সিদ্ধান্তের পেছনে যুক্তি থাকবে। যদিও নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হচ্ছে না—এতটুকু বলতে পারি।’


   আরও সংবাদ