স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ ১৪:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার
গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই ফুটবল পরাশক্তি বাংলাদেশ ও ভারত। মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে আগামী শুক্রবার ট্রফি জয়ের মিশনে নামবে প্রতিবেশী দেশ দুটি।
বুধবার বিকেলে অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে ভুটানকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয় ভারত।
টুর্নামেন্টের গ্রুপ পর্বেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। তবে সেই ম্যাচে কেউ কাউকে ছাড় দেয়নি; ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল মাঠের লড়াই। ফাইনালের মঞ্চে এবার সেই অমীমাংসিত লড়াইয়ের চূড়ান্ত ফয়সালা হবে।
পরিসংখ্যানের পাতায় চোখ বুলালে দেখা যায়, এটি বয়সভিত্তিক সাফের ফাইনালে দুই দলের চতুর্থ দেখা।
তবে আগের তিনটি স্মৃতি বাংলাদেশের জন্য সুখকর নয়। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ এবং ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে ভারতের কাছে পরাজিত হতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের।
বয়সভিত্তিক সাফের এ পর্যন্ত অনুষ্ঠিত সাতটি আসরের মধ্যে ভারত চারবার এবং নেপাল দুইবার শিরোপা জিতেছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে খেলতে নেমেছে বাংলাদেশ; ২০২৪ সালে অনূর্ধ্ব-২০ পর্যায়ে নেপালকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল তারা।