ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ ১৫:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। ৩৭ বছর বয়সী এই টপ-অর্ডার ব্যাটার সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

নিজের অবসরের ঘোষণা দিতে গিয়ে ডুসেন বলেন, ‘গর্ব ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি পরা এমন এক সম্মানের, যা কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের দাবি রাখে।

দেশের হয়ে খেলাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

 

তিনি আরও বলেন, ‘এই যাত্রা ছিল ত্যাগের, কিন্তু দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করার সুযোগ প্রতিটি মুহূর্তকে সার্থক করেছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, এনকওক এনকওয়ে এবং সব কোচ ও ম্যানেজারদের ধন্যবাদ, যারা আমাকে এই জার্সি পরার সুযোগ দিয়েছেন।’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান ডুসেন, ‘দক্ষিণ আফ্রিকার মানুষ ও সমর্থকদের ধন্যবাদ।

রাস্তায় “মা থাউজ্যান্ড” ডাক শোনা কিংবা ওয়ান্ডারার্সে দর্শকদের গর্জনের মধ্যে ব্যাটিংয়ে নামা…এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা কঠিন। এই স্মৃতিগুলো সারাজীবন আমার সঙ্গে থাকবে।’

 

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। এই ফরম্যাটে ৫৭ ম্যাচে ১,৪০৬ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১২৮.৭৫।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন তিনি।

 

ওয়ানডেতে ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৯৩ রান করে দারুণ সূচনা করেন। ৭১ ম্যাচে ২,৬৫৭ রান করেন তিনি, গড় ছিল পঞ্চাশের বেশি। এই ফরম্যাটে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৭টি ফিফটি।

২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেন ডুসেন।

২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৮ বলে ১৩৩ রানের ইনিংস ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত।

 

২০১৯ সালে টেস্ট অভিষেকের পর ১৮টি ম্যাচে খেলেছেন তিনি। রয়েছে ৬টি অর্ধশতক, যার মধ্যে ২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান্ডারার্সে করা ৯৮ রান ছিল তার সর্বোচ্চ।

দলের ভেতরে একজন সিনিয়র ও প্রভাবশালী কণ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন ডুসেন। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এবং গত বছর জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা দলের পরিচালক এনকওক এনকওয়ে বলেন, ‘ডুসেনের অবদান শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না। ড্রেসিংরুমে তিনি ছিলেন শক্তিশালী কণ্ঠ, যিনি দলের সংস্কৃতি ও মান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সবসময় উদাহরণ হয়ে থেকেছেন।’

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি বলেন, ‘দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তে ডুসেন পারফর্ম করেছেন এবং সতীর্থ, প্রতিপক্ষ ও সমর্থকদের শ্রদ্ধা অর্জন করেছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই।’


   আরও সংবাদ