ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ মার্চ, ২০২৬ ২০:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার


দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

 

বাণীতে রাষ্ট্রপতি বলেন, “ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক। সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাক সবার ঘরে ঘরে।

 

প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর উন্নতির জন্য আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে। তিনি বলেন, “শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে ঈদের তাৎপর্য অপরিসীম। ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভসূচনা হয়েছে।

 

 

ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা এগিয়ে চলেছি।”

রাষ্ট্রপতি আরও বলেন, ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই উৎসব আনন্দের বার্তা নিয়ে আসে। রোজার মাধ্যমে মানুষ অন্যায় ও পাপাচার থেকে বিরত থেকে উত্তম চরিত্র গঠনের চেষ্টা করে এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে যায়।

 

 

তিনি বলেন, ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং আনন্দ ভাগাভাগি করেন, যা সাম্য ও ভ্রাতৃত্ববোধের অনন্য উদাহরণ।

 

সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ মানুষের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে।


   আরও সংবাদ