ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে তেহরানের দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুরোপুরি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

এদিকে, একই জলসীমায় নৌ-মাইনের বিস্ফোরণে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।

 

শনিবার (২৮ নভেম্বর) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, শত্রুপক্ষ হামলা চালালে কোনো কালক্ষেপণ ছাড়াই জবাব দেবে ইরান। আমির হাতামির দাবি, দেশটির নৌবাহিনী সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে।

 

হরমুজ প্রণালী বন্ধ রাখার বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, ইরানের দেওয়া সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুরোপুরি বন্ধ থাকবে।

এদিকে, হরমুজ প্রণালীর পূর্ব অংশে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর জানিয়েছে ইরানের নৌবাহিনী।

দেশটির বার্তা সংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি তেলবাহী ট্যাংকার নিয়ম লঙ্ঘন করে ইরানের ঘোষিত ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করেছিল।

 

এর মধ্যে একটি ট্যাংকার নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খেলে বিস্ফোরণ ঘটে এবং সেটিতে আগুন ধরে যায়। এ ঘটনার পর বাকি দুটি ট্যাংকার নিজেদের গতিপথ পরিবর্তন করে আবার পারস্য উপসাগরের দিকে ফিরে যায়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। এই সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।

তথ্যসূত্র: আল-জাজিরা।


   আরও সংবাদ