ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ ২০:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার
ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ও মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুহাম্মাদ মুইজ্জু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে শীত আসা নিশ্চিত। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করেন।
হুমায়ুন কবির বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসবেন, মালদ্বীপের রাষ্ট্রপতিও আসবেন। এবার তো আমাদের বিজয় দিবস।
ডিসেম্বর আমাদের আনন্দের মাস।’
উল্লেখ্য, আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।
আর আগামী ১৩-১৬ ডিসেম্বর ঢাকা সফরে আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুহাম্মাদ মুইজ্জু।