স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও উঠেছিল চারে।
কিন্তু সেই আত্মবিশ্বাস বেশিদিন ধরে রাখতে পারেনি দল। এরপর থেকে টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স নেই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও ব্যাটিং, বোলিং , ফিল্ডিং কোনো বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে সাম্প্রতিক বেশ কিছু টেস্টে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুধু তাই নয়, বাংলাদেশের সামর্থ্যের ঘাটতিও স্বীকার করেছেন তিনি।
বুধবার সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা উপরের দিকে যাচ্ছিলাম, ভালো করছিলাম।
কিন্তু সাম্প্রতিক সময়ে চার-পাঁচটি টেস্টে ভালো ক্রিকেট খেলিনি। পরবর্তী ধাপে যেতে চাইলে কীভাবে ধারাবাহিকভাবে ভালো করা যায়, সেটা গুরুত্বপূর্ণ। দেশে বা দেশের বাইরে, ম্যাচ হারি কিংবা জিতি; ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং; সব বিভাগেই যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। কোথায় ভুল হচ্ছে, সেগুলো খুঁজে বের করে আরও ধারাবাহিক হওয়ার চেষ্টা করতে হবে।’
ডারউইনের সাফল্যের পর বাংলাদেশের টেস্ট পারফরম্যান্সে যে ভাটা পড়েছে, সেটি অস্বীকার করেননি শান্ত। জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তানের মতো দলের বিপক্ষেও প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এর পেছনে সামর্থ্যের সীমাবদ্ধতাও দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘সামর্থ্যের অবশ্যই কমতি আছে। এটা স্বীকার করতেই হবে। তবে আমরা মাঝখানে ভালো ক্রিকেটও খেলেছি। ম্যাচ হার-জিত থাকবেই। আমাদের খুঁজে বের করতে হবে, কোন জায়গায় ঘাটতি আছে। এই টেস্ট সিরিজের পর পরবর্তী সিরিজের আগে কিছুটা সময় আছে। এই সময়ে সমস্যাগুলো খুঁজে বের করে কীভাবে ভালো ক্রিকেট খেলা যায়, সেটাই গুরুত্বপূর্ণ।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থতার কারণ হিসেবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগকেই দায়ী করেছেন শান্ত। বিশেষ করে সেঞ্চুরিয়নে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। প্রতিপক্ষের ব্যাটাররা বড় ইনিংস খেললেও বাংলাদেশের ব্যাটাররা দুই ইনিংসে ইনিংস লম্বা করতে পারেননি। বোলাররাও প্রত্যাশিত চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছেন।
শান্ত মনে করেন শুধু উন্নতির কথা বললে হবে না, সেটি মাঠের পারফরম্যান্সে দেখাতে হবে, ‘ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—এই তিন জায়গাতেই আমরা ভালো করতে পারিনি। এই তিন বিভাগেই উন্নতির অনেক জায়গা আছে। আমরা সব সময় উন্নতির কথা বলি, কিন্তু এবার সেটা কাজে করে দেখাতে হবে। বিশেষ করে এই ধরনের কন্ডিশনে ক্যাচ ধরা গুরুত্বপূর্ণ। ফিল্ডিংয়ে আমরা ক্যাচ মিস করেছি। প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব ও ভূমিকা আছে। সবাই যদি নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে, তাহলে সবার কাজই সহজ হয়ে যাবে।’
ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও সেটি বড় ইনিংসে রূপ দিতে পারেনি বাংলাদেশ। দুই ইনিংসেই শুরু পাওয়ার পর উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা দেখা গেছে। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল খেলে আউট হয়েছেন বেশ কয়েকজন ব্যাটার। ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করলেও সেঞ্চুরিয়নে সেই শিক্ষা কাজে লাগাতে পারেনি দল। শান্তর মতে, কঠিন কন্ডিশনে টিকে থাকতে হলে অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার মানসিকতা তৈরি করতে হবে।
এ প্রসঙ্গে শান্ত আরও বলেন, ‘আমরা অনেক বল অফ স্টাম্পের বাইরে খেলেছি এবং এজ হয়ে আউট হয়েছি। এই কন্ডিশনে এটা কঠিন। দীর্ঘ সময় ব্যাটিং করতে হলে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের ওই বলগুলো ছেড়ে দিতে হবে। ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে আমরা অসাধারণ ব্যাটিং করেছিলাম। কিন্তু এখানে লাইন ও লেংথের সঙ্গে মানিয়ে নিতে পারিনি।’