ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার
যশোর জেলায় শহরের তুলনায় গ্রামাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের পরিমাণ বেশি। জেলায় মোট ২ লাখ ৫৭ হাজার ৩৩২টি অর্থনৈতিক ইউনিটের মধ্যে ১ লাখ ৮১ হাজার ৯৯৩টি গ্রামাঞ্চলে অবস্থিত।
এসব অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখ ৪২ হাজার ৪৭২ জনের মধ্যে ৫৮ দশমিক ৫৫ শতাংশই গ্রামের বাসিন্দা।
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফলে জেলার অর্থনীতির এমন চিত্র উঠে এসেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারবিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
এতে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন।
সেমিনারে উপস্থাপিত তথ্যমতে, যশোরে মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ১ লাখ ৮১ হাজার ৯৯৩টি এবং শহরাঞ্চলে ৭৫ হাজার ৩৩৯টি।
এসব ইউনিটে কর্মরত রয়েছেন মোট ৫ লাখ ৪২ হাজার ৪৭২ জন। এর মধ্যে গ্রামীণ এলাকায় কাজ করেন ৩ লাখ ১৭ হাজার ৬২২ জন, যা মোট কর্মজীবীর ৫৮ দশমিক ৫৫ শতাংশ।
অন্যদিকে শহরাঞ্চলে কর্মরত ২ লাখ ২৪ হাজার ৮৫০ জন, যা মোট কর্মজীবীর ৪১ দশমিক ৪৫ শতাংশ।
প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী, জেলায় স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ১৩ লাখ ৬৪৯টি এবং অস্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ১০ হাজার ৭৮টি। এ ছাড়া পারিবারিক বা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী খানা রয়েছে ১ লাখ ৭ হাজার ৬০৫টি।
সেমিনারে বক্তারা বলেন, জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প-এই পাঁচ শ্রেণিতে বিন্যস্ত করা অর্থনৈতিক শুমারির অন্যতম উদ্দেশ্য।
এ শুমারির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মালিকানা, কাঠামো, আইনগত অবস্থান, কর্মকাণ্ডের ধরন, উৎপাদিত পণ্য ও সেবা এবং কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।
এসব তথ্য দেশের অর্থনৈতিক পরিকল্পনা, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও জানান, স্বাধীনতার পর দেশে এ পর্যন্ত চারটি অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন উপস্থিত ছিলেন।