ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্ববাজারে প্রাণিজ পণ্য রপ্তানিতে মান নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ ১৩:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


বিশ্ববাজারে প্রাণিজ পণ্য রপ্তানিতে মান নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

বিশ্ববাজারে বাংলাদেশের প্রাণিসম্পদ ও প্রাণিজাত পণ্য প্রবেশ করাতে খাদ্যনিরাপত্তা (ফুড সেফটি) এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে সরকার কাজ করছে।

এ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির প্রাণ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

 

তিনি আরও বলেন, মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত।

বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

 

 

তারেক রহমান বলেন, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে সরকার সব ধরনের নীতিগত ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে।

পোলট্রি শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যাদের ৪০ শতাংশ নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। পাশাপাশি হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে।

উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায়ের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।

পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের যেমন অধিকার রয়েছে, তেমনি পশুপাখির অধিকারও অবহেলা করা যাবে না। প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত, রোগ, ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখার পাশাপাশি স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দিতে হবে।

খামারিদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি খামারিরা। তাদের মেধা, শ্রম ও উদ্যোগের ফলেই এ খাত এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও গবেষকদের কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অর্জন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, গবেষক ও অন্যদের অনুপ্রেরণা জোগাবে।


   আরও সংবাদ