ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাত জেলায় নতুন পুলিশ সুপার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬ ১৮:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


সাত জেলায় নতুন পুলিশ সুপার

সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। একই আদেশে এসব জেলার বর্তমান এসপিসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

 

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

 

 

 

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এসপি এবং ডিএমপির উপপুলিশ কমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার এসপি, গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দীনকে ফেনীর এসপি, এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এসপি এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর এসপি করা হয়েছে।

 

অন্যদিকে, সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। খুলনার এসপি মো. সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে এপিবিএন ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।

 

একই প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সিএমপিতে এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।


   আরও সংবাদ