ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপির মিছিলে আওয়ামী লীগের গুলি, আহত ৫

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬ ২০:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


বিএনপির মিছিলে আওয়ামী লীগের গুলি, আহত ৫

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুমহালের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর বিরুদ্ধে। এতে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন আহত হয়েছেন।

 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর সঙ্গে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান গ্রুপের পদ্মা নদীর বালুমহালের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সোমবার সন্ধ্যায় ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেন মেহেদী হাসানের সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এ সময় কাকন বাহিনীর লোকজন তাদের ওপর হামলা চালিয়ে গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।

এতে মেহেদী গ্রুপের পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

 

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন-ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।

স্থানীয় সূত্র বলছে, আহতদের বেশিরভাগই স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আধিপত্য বিস্তার ও বালুমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।


   আরও সংবাদ