ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দুই গোলে পিছিয়ে পড়েও বার্সার দুর্দান্ত প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার


দুই গোলে পিছিয়ে পড়েও বার্সার দুর্দান্ত প্রত্যাবর্তন

লিগে টানা জয়ে বার্সেলোনার ওপর চাপ সৃষ্টি করছিল রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই।

এমন পরিস্থিতিতে ঘরের মাঠে ম্যাচের প্রথম সাত মিনিটেই দুই গোল হজম। 

 

এরপর লামিন ইয়ামালের পেনাল্টি মিস।

সব মিলিয়ে কঠিন পরীক্ষার মুখেই পড়েছিল কাতালানরা। তবে হাল ছাড়েনি হান্সি ফ্লিকের দল।

দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা।

 

লা লিগায় রোববার রাতে ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা।

শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পর জেরার্ড মার্তিনের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। এরপর ফেরমিন লোপেজের গোলে সমতায় ফেরে দলটি। শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলে নিশ্চিত হয় বার্সার রোমাঞ্চকর জয়।

 

এই জয়ে ১৩ ম্যাচে ১২ জয় ও ১ হারে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুটা ছিল বার্সার জন্য দুঃস্বপ্নের মতো। সপ্তম মিনিটের মধ্যেই তাজোন বুকানন ও তানি ওলুয়াসেইয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দ্রুত দুই গোল হজম করে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।

ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে ২০তম মিনিটে পেনাল্টি আদায় করে বার্সেলোনা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ইয়ামাল। তার নেওয়া শট আঘাত হানে পোস্টে। ফলে ব্যবধান কমানোর সহজ সুযোগ হাতছাড়া হয় কাতালানদের।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। এ সময় ১৫টি শট নেয় তারা। তবে ভিয়ারিয়ালের গোলরক্ষক পিটার গুলাসিকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি স্বাগতিকরা।

বিরতির পরও একই ধারায় আক্রমণ চালিয়ে যায় বার্সেলোনা। অবশেষে ৫৭ মিনিটে ব্যবধান কমে। শর্ট কর্নার থেকে পেদ্রির বাড়ানো ক্রসে দূরের পোস্টে দারুণ হেডে বল জালে পাঠান জেরার্ড মার্তিন।

প্রথম গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ৬৬ মিনিটে ইয়ামালের পাস থেকে বল পেয়ে কোণাকুণি শটে দলকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ।

এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ড্রিবলিং ও গতিতে ভিয়ারিয়ালের রক্ষণকে বারবার ব্যতিব্যস্ত করেন ইয়ামাল। তার এমনই এক আক্রমণ থেকে বক্সে বাড়ানো বল পাউ নাভারোর গায়ে লেগে জড়িয়ে যায় নিজেদের জালে। 

আত্মঘাতী সেই গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে ফ্লিকের দল।


   আরও সংবাদ