স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
আন্তর্জাতিক ক্রিকেটের বড় আসর আয়োজনের স্বপ্ন দেখছে এবিজি স্পোর্টস সিটি। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কিছু ম্যাচ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করতে চায় তারা।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে যাওয়া ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের আশাও করছে এবিজি স্পোর্টস সিটি।
ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। কিছুদিন আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ দল।
শুক্রবার শেষ হয়েছে এশিয়ান ব্লাইন্ড ক্রিকেট কাপের দ্বিতীয় আসর। যদিও বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের ফাইনাল মাঠে গড়ায়নি।
এর আগে ভেন্যুটির সুযোগ-সুবিধা পরিদর্শন করে গেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি প্রতিনিধি দল।
এ বিষয়ে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, ‘আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ একটি প্রস্তুতি ম্যাচ খেলে গেছে। আজ এশিয়ান ব্লাইন্ড ক্রিকেট শেষ হলো। আপনারা জানেন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলও আমাদের এখানকার সুযোগ-সুবিধা দেখে গেছে। তারা এখানকার ফ্যাসিলিটিজ দেখে অত্যন্ত উচ্ছ্বসিত এবং প্রশংসা করেছেন। আমরা আশাবাদী, ইংল্যান্ড ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছে, তারা এখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।’
শুধু আনভীর ক্রিকেট স্টেডিয়াম নয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবিজি স্পোর্টস সিটি। সেখানে নির্মাণাধীন রয়েছে আরও একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম। ২০২৭ সালের জুনের মধ্যে এর কাজ শেষ করার লক্ষ্যের কথাও জানিয়েছেন ইমরুল হাসান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আনভীর ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি আমাদের আরেকটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়ামের কাজ এগিয়ে চলছে। আশা করছি, ২০২৭ সালের জুনের মধ্যে সেটির কাজ শেষ করতে পারব। আমরা আশাবাদী, ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপের কিছু ম্যাচ এখানে আয়োজনের ব্যাপারে বিসিবির সঙ্গে কথা বলব। এখানে বেশ কিছু ম্যাচ আয়োজন করতে পারব বলে আমরা আশাবাদী।’