আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
গত বছরের কথিত ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবার দখলদারদের হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একই সময়ে শীতকালীন বন্যা গাজা উপত্যকার মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে।
শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাদ্য বিতরণে কাজ করা একটি ভ্যানে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হন।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, ভ্যানের ভেতরে থাকা কাগজপত্রে গাজায় খাদ্য বিতরণকারী ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের লোগো ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, ওই গাড়ির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
হামলার প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত গাজাবাসী আবু জেইন আল-দায়া বলেন, এটি এমন একটি বাস, যা গরিব, তাঁবুতে থাকা মানুষ এবং বাস্তুচ্যুতদের খাবার ও পানীয় বিতরণ করে। শিশুদের খাবার ও পানীয় দিতে বাসটি থামতে যাচ্ছিল, এমন সময় এতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
যারা মানুষকে খাবার দিচ্ছে, তারাই এখন লক্ষ্যবস্তু।
আরেকটি হামলায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলিদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন।
নিহত ওই ব্যক্তিকে পরে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক বাইসাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলিরা। ওই ঘটনায় তিনজন আহত হন, তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়।
গত বছরের অক্টোবরে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রয়েছে। এরপর থেকে সেখানে ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে, শীতের আবহ গাজার মানবিক সংকটকে আরও জটিল করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) সতর্ক করেছে, খাবার রান্না করতে ফিলিস্তিনিরা আবর্জনা পোড়াতে বাধ্য হচ্ছেন।
ফিলিস্তিনে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর শন হিউজ সতর্ক করে বলেন, এখন আবর্জনাও ভিজে গেছে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ইসরায়েলের আরোপিত কড়া শর্তের কারণে মিসরে থাকা ১ লাখের বেশি তাঁবু গাজায় পাঠানো যাচ্ছে না। এসব শর্তের মধ্যে তাঁবুর মাঝখানের খুঁটির ব্যাসের সীমাও রয়েছে।
হিউজ ব্যাখ্যা করে বলেন, সাধারণত ৩৮ মিলিমিটারের নিচে হলে ঠিক আছে। এর ওপরে হলে সাধারণত গ্রহণযোগ্য মনে করা হয় না।
গাজায় আইওএম কর্মসূচির প্রধান কার্ল বেকার বলেন, এটি দ্বৈত ব্যবহারের কোনো বিষয় নয়, বরং এই মুহূর্তে এই তাঁবু গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না… আমরা নির্দিষ্ট কারণগুলো জানতে পারছি না।
এ পরিস্থিতিতে গাজার মানুষের সামনের দিনগুলো অনিশ্চিত এবং মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি ঘনিয়ে আসছে।
শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ১ হাজার ৬৭১ জন নিহত হয়েছেন। এসময়ে ইসরায়েল ৬০০টির বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।
এদিকে, তিন বছর আগে গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৪ হাজার ৭৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা