ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬ ১৯:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোন প্রভাব পড়েনি নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা ধামইরহাটে। লকডাউন কার্যকর থাকার কথা থাকলেও জনজীবনে এর তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল মানুষ, যানবাহন চলাচল ও দৈনন্দিন কার্যক্রম। এদিকে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের মাঠে সরব উপস্থিতি দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। সড়কে যানবাহন চলাচল,দোকানপাট খোলা রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে অবস্থান করতে দেখা যায়। লকডাউনের মতো পরিস্থিতিতেও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক। এ অবস্থায় লকডাউনের কার্যকারিতা এবং মাঠপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। পরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান করেন।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, রুবেল হাসাস রতন, মহিলাদল নেত্রী মাজেদা বেগম, শাহিনা ইয়াসমিন, রুমা বানু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন, ওয়াসিফ আরাফাত অভি প্রমুখ।