আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
মাত্র ৫০০ ডলার জিতেছেন ভেবেছিলেন। কিন্তু পরিবারের এক সদস্য লটারির টিকিট স্ক্যান করতেই বেরিয়ে আসে অবিশ্বাস্য খবর-পুরস্কারের অঙ্ক ৫ লাখ ডলার! যুক্তরাষ্ট্রের মিশিগানে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির জীবনে এমনই চমক এসেছে বড়দিনে পরিবারের সঙ্গে কেনা একটি লটারির টিকিট থেকে।
তবে পুরস্কার জিতলেও সেই অর্থ বুঝে নিতে তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক বছর।
মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাকম্ব কাউন্টির ওই বাসিন্দা ক্লিনটন টাউনশিপের ১৫ মাইল রোডে অবস্থিত এম অ্যান্ড এইচ পেট্রো এলএলসি থেকে ‘২৫ ডেজ অব উইনিং’ নামের লটারির টিকিটটি কিনেছিলেন।
সেই টিকিটেই তার ভাগ্যে জোটে ৫ লাখ ডলার।
লটারি কর্মকর্তাদের কাছে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ওই ব্যক্তি বলেন, প্রতিবছর বড়দিন উপলক্ষে তিনি ও তার স্ত্রী পরিবারের সদস্যদের জন্য লটারির টিকিট কেনেন।
গত বছরও এর ব্যতিক্রম হয়নি। পারিবারিক আয়োজনে তাদের ছেলে টিকিটগুলো পাখার মতো ছড়িয়ে ধরে প্রত্যেককে একটি করে টিকিট বেছে নিতে বলেন।
এরপর সবাই মিলে টিকিট স্ক্র্যাচ করতে শুরু করেন।
সেই সময়ই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। টিকিট স্ক্র্যাচ করার এক-দুই মিনিট পর পরিবারের একজন জানতে চান, কেউ কোনো পুরস্কার জিতেছেন কি না। তখন ওই ব্যক্তি জানান, তার মনে হচ্ছে একটি পুরস্কার পেয়েছেন। তবে সেটি ৫০০ ডলার হবে বলে ধারণা করেছিলেন তিনি।
পরে পরিবারের এক সদস্য লটারির অ্যাপের মাধ্যমে টিকিটটি স্ক্যান করেন। তখনই জানা যায়, পুরস্কারের অর্থ ৫০০ ডলার নয়, বরং ৫ লাখ ডলার। এত বড় অঙ্কের পুরস্কার জেতার খবর শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না ওই ব্যক্তি।
বড়দিনে পরিবারের সঙ্গে ভাগাভাগি করা আনন্দের মুহূর্তটি তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনায় পরিণত হয়। তবে টিকিটে পুরস্কার জেতার পরও তাৎক্ষণিকভাবে অর্থ বুঝে নেননি তিনি। প্রায় এক বছর পর অবশেষে লটারি সদর দপ্তরে গিয়ে নিজের জেতা ৫ লাখ ডলার গ্রহণ করেন।
তার কাছে এই অর্থ দেরিতে পাওয়া বড়দিনের এক অবিশ্বাস্য উপহার।
তথ্যসূত্র: ইউপিআই।