ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘মেসির উত্তরসূরি তুমি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


‘মেসির উত্তরসূরি তুমি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা

লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হয়ে উঠছেন নিকো পাজ। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে এমন স্বীকৃতি দিয়েছিলেন স্বয়ং মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক অজানা ঘটনা সামনে এনেছেন পাজের চাচা ফাবিয়ান পাজ।

 

কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে জোড়া গোল করে আলোচনায় আসেন নিকো।

কর্দোবার সেই প্রীতি ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম রেডিও লা রেডের সঙ্গে কথা বলেন ফাবিয়ান। সেখানেই মেসির মায়ের সঙ্গে তার ভাতিজার বিশেষ কথোপকথনের বিষয়টি জানান তিনি।

 

ফাবিয়ান বলেন, ‘নিকো খুব শান্ত ও মাটির মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না।

তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মেসির সঙ্গে দেখা করা এবং তার সঙ্গে খেলা। নিকোর কাছে সেটি ছিল আকাশ ছোঁয়ার মতো।’

 

আর্জেন্টিনার ফ্যাশন ব্র্যান্ড আতেলিয়ে পুচেত্তা-পাজের প্রতিষ্ঠাতা ফাবিয়ান আরও জানান, স্পেনের টেনেরিফে জন্ম ও বেড়ে ওঠা নিকো আর্জেন্টিনায় থাকেন না। ফলে জাতীয় দলের হয়ে খেলতে এলে দেশটির ফুটবল-উন্মাদনা তাকে এখনো বিস্মিত করে।

তার ভাষায়, ‘সে এখানে থাকে না বলে অন্য খেলোয়াড়দের মতো এতটা চাপ অনুভব করে না। এখানে ফুটবল নিয়ে যে আবেগ ও উন্মাদনা, তা অনন্য। বিষয়টি তাকে এখনো অবাক করে।’

তবে সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশ ছিল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা। গত ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। ম্যাচ শেষে মেসির সঙ্গে দেখা করতে যান ফাবিয়ান। সেখানে আবেগাপ্লুত মেসির মা সেলিয়ার সঙ্গে দেখা হয় নিকোর।

সেই মুহূর্তের বর্ণনা দিয়ে ফাবিয়ান বলেন, ‘আমি মেসির বিদায়ী ম্যাচে তাকে দেখতে গিয়েছিলাম। ড্রেসিংরুম থেকে বের হওয়ার পর দেখি, মেসির মা আবেগে কাঁদছেন। নিকো তাকে চিনত বলে শুভেচ্ছা জানাতে এগিয়ে যায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন- তুমি আমার ছেলের উত্তরসূরি।’

ফাবিয়ান জানান, মেসির মায়ের এমন মন্তব্যে হতবাক হয়ে গিয়েছিলেন নিকো। নিজের কাছেও পুরো ঘটনাটি ছিল অবিশ্বাস্য।

রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে আসা নিকো এখন আর্জেন্টিনা জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠছেন। সাম্প্রতিক পাঁচ ম্যাচে ছয় গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। যদিও আর্জেন্টিনার জার্সিতে তার পথচলা এখনো শুরুর পর্যায়ে।

কোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর নিকোর প্রশংসা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তবে এই তরুণের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স পাওয়ার প্রত্যাশা তার।

স্কালোনি বলেন, ‘নিকোর কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার আছে। কোস্টারিকার বিপক্ষে সে খুব ভালো খেলেছে। উরুগুয়ের বিপক্ষেও ভালো খেলেছে। তার মধ্যে একজন পরিপূর্ণ ফুটবলারের ছাপ রয়েছে। সে এখনো তরুণ, তাই আমরা তার যত্ন নেব। তাকে নিয়ে আমরা খুবই খুশি। অনেক পরিস্থিতিতে সে দলের দায়িত্ব নিয়েছে। এই দলের অন্য খেলোয়াড়দের মতো তাকেও নিয়ে আমাদের আশাবাদী হওয়া উচিত।’

ভবিষ্যতে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি পরার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়েছিল নিকোকে। তবে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চান না তিনি। আপাতত জাতীয় দলের হয়ে খেলার আনন্দ উপভোগ করাই তার লক্ষ্য।

নিকো বলেন, ‘সত্যি বলতে, এসব নিয়ে আমি ভাবি না। আমার ভাবনায় থাকে এমন দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ নিয়ে খেলা। কারণ, ফুটবল খেলতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার ওপর জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এবং এত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া; আমি এসবের জন্যই খেলি। এভাবেই খেলে যেতে চাই।’

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি জানিয়েছিলেন, ভবিষ্যতে কে ১০ নম্বর জার্সি পরবেন, তা নিয়ে তিনি চিন্তিত নন। সময়মতো এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মেসির বিদায়ের পর সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে তাই আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কেই ১০ নম্বর জার্সি দেওয়া হয়নি।


   আরও সংবাদ