আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাকে নিজের বন্ধু বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে দুই নেতার আন্তরিক কথাবার্তা ও করমর্দনের দৃশ্যও নজর কেড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, তাদের মধ্যে বহু বছর ধরে ভালো সম্পর্ক রয়েছে।
তারা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন। এই বৈঠকের মধ্য দিয়ে বেশ কিছু ইতিবাচক উদ্যোগের সূচনা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
হোয়াইট হাউস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতেও দেখা যায়।
এ ছাড়া হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে পুতিনের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’
এদিকে বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিন প্রভাবশালী নেতার এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।