ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা ও ভাঙচুরের কয়েক ঘণ্টার ব্যবধানে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কর্মী ও পরিবহন চালকরা আতঙ্কিত।

 

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

 

 

এর আগে একই দিন দেড়টা থেকে পৌনে ২টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধের বড়ঘাট এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের তিনটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত গাড়িগুলোর পথ আটকে ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হামলার শিকার গাড়িগুলোর নম্বর ঢাকা মেট্রো-ন-১১-৭৭৭৭, ঢাকা মেট্রো-ড-১১-৪৮২৯ এবং ঢাকা মেট্রো-ট-১৩-৭৮২৭।

 

এই সময় দুর্বৃত্তরা গাড়িচালকদের হুমকি দিয়ে জানায়, তাদের বড় ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান না করা পর্যন্ত ওয়্যারহাউজ থেকে কোনো গাড়ি বের করা যাবে না। অন্যথায় আবারও হামলা চালানো হবে বলেও হুমকি দেয় তারা।

এদিকে, গাড়িতে হামলার পর রাতে কুরিয়ার সার্ভিসটির আরেকটি গুদামে হামলার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এর আগে রোববার বিকেলে এ জে আর কুরিয়ারের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী জানান, হামলার নেপথ্যের ব্যক্তিদের গ্রেপ্তার না করায় বারবার একই ঘটনা ঘটছে। আমাদের কর্মী ও পরিবহন চালকেরা প্রতিনিয়ত ভয় নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, রাতে আবারও তাদের কুরিয়ারের আরেক গুদামে হামলা হয়েছে। হামলাকারীরা প্রায় ৫০ জন ছিল। তারা গ্রাহকের মোটরসাইকেলসহ নানা পণ্য পুড়িয়ে দিয়েছে।

এই বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে তখন পর্যন্ত ভুক্তভোগীদের কেউ থানায় অভিযোগ করেননি।


   আরও সংবাদ