স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ২৪২ রানের অপরাজিত ইনিংস। সেই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮২ রান।
টেস্ট ক্রিকেটে নিজের সামর্থ্যের জানান দিয়ে এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও ব্যাট হাতে আলো ছড়ালেন তাওহীদ হৃদয়। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়া বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করে তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
সতীর্থের দারুণ ব্যাটিংয়ে মুগ্ধতা ঝরেছে তানজিদ তামিমের কণ্ঠে।
ওয়ান্ডারার্সে দিনটা বাংলাদেশের শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। কাগিসো রাবাদার তোপে ২২ রানেই ফিরে যান প্রথম তিন ব্যাটার।
এমন বিপর্যয়ে দলের হাল ধরেন হৃদয়। তানজিদ হাসান তামিমকে নিয়ে গড়েন ৯৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। তানজিদ ৬৭ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন হৃদয়।
এরপর মুশফিকুর রহিমও ফিরেছেন রাবাদার বলে। ১২১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন আবারও বিপদে, তখন লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়েন হৃদয়। দুজন মিলে দক্ষিণ আফ্রিকার বোলারদের দীর্ঘ সময় উইকেটের জন্য অপেক্ষায় রাখেন। দারুণ বোঝাপড়ায় গড়ে তোলেন ২০৬ রানের অবিচ্ছিন্ন জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
এই জুটিতে লিটনও দারুণ সঙ্গ দিয়েছেন। তবে আক্রমণ ও ধৈর্যের মিশেলে ইনিংসের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন হৃদয়। ১৯৬ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২২৭ বলে ১৪ চার ও এক ছক্কায় ১৩৭ রান করে দিনের শেষ বলে আউট হন তিনি। মার্কো ইয়ানসেনের বলে তার বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে গড়া বড় জুটি।
দিন শেষে সংবাদ সম্মেলনে হৃদয়ের এমন বিদায়ে আক্ষেপ ঝরেছে তানজিদ হাসান তামিমের কণ্ঠেও। তবে দলের প্রয়োজনে হৃদয়ের এই ইনিংসকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন তিনি, ‘হ্যাঁ অবশ্যই, আমি বলব যে এটা আনলাকি। বাট ও টিমের জন্য যেটা করেছে সেটা অবশ্যই আমাদের টিমের জন্য কাজে লাগবে এটা।’
তানজিদ আরও বলেন, ‘আসলে এই জিনিসটা ভাষায় প্রকাশ করার মতো না, এতটা ভালো লেগেছে নিজের ওর ইনিংসটা। কারণ লাস্ট ও যখন এ টিমের হয়ে এসেছিল সেখানে ৩৫০ নট আউট করছিল। তো হিউজ কনফিডেন্স ওর জন্য। সেম জিনিসটা আজকে ও ইমপ্লিমেন্ট করেছে এখানে। আনফরচুনেটলি দিনের শেষ বলে আউট হয়ে গেছে। বাট ও যেভাবে ব্যাটিং করছে লাস্ট কাপল অফ টেস্ট ম্যাচে সত্যিই অসাধারণ। আই থিঙ্ক এটা ও কন্টিনিউ রাখবে এবং বাংলাদেশ হয়ে আরও ভালো কিছু করবে ইনশাআল্লাহ।’