ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্থলপথে ইরানের সরবরাহ রুট অবরোধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬ ১৩:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


 স্থলপথে ইরানের সরবরাহ রুট অবরোধের ঘোষণা

হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে কয়েক মাস ধরে চলা নৌ অবরোধ আরও বিস্তৃত করতে যাচ্ছে ওয়াশিংটন। এবার স্থলপথে ইরানের সরবরাহ রুট বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

 

 

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা সেন্টকম শনিবার (৮ নভেম্বর) জানায়, ইরান যাতে উন্নত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম স্থলপথে পরিবহন করতে না পারে, তা ঠেকাতে তারা একটি নতুন টাস্কফোর্স গঠন করেছে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, টাস্কফোর্স আয়রন গেট সমুদ্রে ইরানের বিরুদ্ধে তাদের ‘কঠোর অবরোধের সাফল্য’ আরও জোরদার করবে।

 

ফ্লোরিডার টাম্পায় অবস্থিত এই টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র ব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত উপকরণ এবং অবৈধ অর্থপ্রবাহের চলাচল প্রতিরোধ করতে এ অবরোধ জোর করা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।

 

মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আল জাজিরাকে বলেন, কোথা দিয়ে অস্ত্রব্যবস্থা আসছে, কীভাবে সেগুলোর সরবরাহ বন্ধ করা যেতে পারে এবং ইরান কীভাবে জ্বালানি পরিবহন করছে- তা খুঁজে বের করাই হবে এই টাস্কফোর্সের কাজ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধে উত্তেজনা বাড়ানোর নির্দেশ দেন, তাহলে সম্ভবত এসব লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালানো হবে।

 

মুলরয় আল জাজিরাকে বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’র মতো নয়, যেখানে মূলত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার ধারণা, এবার হামলার লক্ষ্যবস্তু হবে অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনা। শাসকগোষ্ঠীকে যুদ্ধ চালানোর সক্ষমতা ও অর্থায়নের উৎস থেকে বিচ্ছিন্ন করার একটি সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবেই এসব হামলা হতে পারে।

এদিকে, ইরানের বন্দরগুলোতে অবরোধের অংশ হিসেবে শনিবার ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ অচল করে দেওয়ার কথা জানিয়েছে সেন্টকম।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, সেন্টকমের বাহিনী জাহাজের নাবিকদের লক্ষ্যবস্তু করা স্থানগুলো থেকে সরে যেতে নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান সেন্ট কিটসের পতাকাবাহী এম/ভি হুদা জাহাজের পেছনের অংশে নিখুঁতভাবে লক্ষ্যভেদী অস্ত্র নিক্ষেপ করে। এতে জাহাজটি অচল হয়ে যায়।

সেন্টকম আরও জানায়, জুলাই থেকে অবরোধ কার্যকরের পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাহিনী ১৪৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, যেগুলো নির্দেশনা মেনে নিয়েছিল। আর নির্দেশনা মানতে অস্বীকৃতি জানানো পাঁচটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়া হয়েছে।

বিস্ফোরণের খবর
শনিবার হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

আইআরএনএ আরও জানিয়েছে, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস শহরেও ‘বেশ কয়েকটি বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে।

এর একদিন আগে কেশম দ্বীপে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। তবে হামলাগুলোকে ‘ছোটখাটো’ বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প আরও বলেন, কাতারের মধ্যস্থতায় আলোচনা চলার মধ্যে তেহরান এখনো একটি চুক্তি চায়।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালীর কাছে দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত হেনেছে।

নৌবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ট্যাংকার দুটি নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে প্রণালির একটি ‘অনিরাপদ’ অংশ দিয়ে চলাচল করছিল। সমুদ্রের মাইনে আঘাত হানার পর জাহাজ দুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং চলাচল বন্ধ করে দেয়।

সূত্র: আল-জাজিরা


   আরও সংবাদ