ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ছয় মাস পর্যন্ত শুল্ক-কর রেয়াতি সুবিধায় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির বিষয়ে প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
রাতে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সম্পূর্ণ রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সুবিধার ফলে বিদ্যুৎ ঘাটতির কারণে জনজীবনে সৃষ্ট ভোগান্তি কমবে, শিল্প উৎপাদন অব্যাহত থাকবে এবং উৎপাদন ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি কমার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
পাশাপাশি দ্রুততম সময়ে নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদনের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা করবে এ উদ্যোগ।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রিসভা বৈঠকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাস পর্যন্ত শুল্ক-কর রেয়াতি সুবিধায় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির বিষয়ে প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।