ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ১৭:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিনের সংগ্রাম এবং অব্যাহত অগ্রগতির প্রশংসা করেন।
উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি পত্র হস্তান্তর করেন।
উভয় পক্ষ শ্রম অভিবাসন সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন এবং শ্রমিকদের শোষণ রোধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়, যেখানে উভয় পক্ষ দু'দেশের জন্য কল্যাণকর অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ, শিক্ষক বিনিময় এবং একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়, যা দু'দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে সহায়ক হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।