ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার
দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারাদেশের ছাত্র-নাগরিকদেরকে পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন তারা।
এ অর্গানাইজিং কমিটিতে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। সরকার থেকে দায়িত্ব ছাড়ার পর প্রথম তিনি কোনো প্লাটফর্মে যোগ দিলেন।
আরও রয়েছেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনূভা জাভিন। তিনি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এ কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও নীরবে থাকা সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত করা।
অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে, যা আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন।
ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠক পদে রয়েছেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, ডা. তাজনুভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মাহফুজ আলম, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।