স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬ ০৯:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার
ইনজুরির কারণে দীর্ঘ সাত মাস ধরে ক্রিকেটের বাইরে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে আবারও বোলিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার। তবে মাঠে ফেরার আগে নিজেকে নতুন করে প্রস্তুত করছেন এই ডানহাতি পেসার।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দীর্ঘ এই বিরতির অভিজ্ঞতা ও ফেরার প্রস্তুতির কথা জানিয়েছেন তানজিম। তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৭ মাসের বিশ্রাম, ইনজুরির সঙ্গে লড়াই আর ক্রিকেট থেকে দূরে থাকার এক কঠিন অধ্যায়।
'
নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে তানজিম বলেন, ‘বর্তমানে ইংল্যান্ডে আছি, নিজেকে নতুন করে প্রস্তুত করছি। ইনশাআল্লাহ, আগামী মাস থেকে বোলিং শুরু করব।
’
দীর্ঘ সময় মাঠের বাইরে থাকাটা যে সহজ ছিল না, সেটিও তুলে ধরেছেন জাতীয় দলের এই পেসার।
তিনি যোগ করেন, ‘এই দীর্ঘ বিরতি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে, নিজের ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছে। ফিরে আসার পথটা সহজ নয়, তবে স্বপ্নটা এখনও আগের মতোই অটুট।’
এদিকে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা তানজিমের জন্য ঘরোয়া ক্রিকেটেও ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত ডোমেস্টিক থ্রি ট্রফি বা ডি-থ্রি ট্রফির নিলামেও দল পাননি এই পেসার। ফলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে তাকে ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার দিকেই মনোযোগ দিতে হচ্ছে।