ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬ ০৯:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৭ অক্টোবর)। এ উপলক্ষে দুদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি পালিত হবে। আজ বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে।
এতে কেন্দ্রীয় যুবদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেবেন।
দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন আবুল কাশেম। পরবর্তী সময়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বিভিন্ন নেতা। তাঁদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু।
বর্তমানে যুবদলের সভাপতির দায়িত্বে রয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।