ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার নাহিদ ইসলামের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


 সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাফিয়া গোষ্ঠীর হুমকি, ষড়যন্ত্র, অর্থ ও পেশিশক্তির চ্যালেঞ্জ উপেক্ষা করেই ঢাকা-১১ এর জনগণ আমাকে বিজয়ী করেছেন।

তিনি এই জয়কে জনগণের সাহস, নিষ্ঠা ও ঐক্যের বিজয় হিসেবে উল্লেখ করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এনসিপি আহ্বায়ক ঢাকা-১১ এর বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নাহিদ ইসলাম বলেন, আপনাদের অসীম ভালোবাসা, আস্থা ও অক্লান্ত সমর্থনের জন্য আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।

মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

 

তিনি বলেন, ১১ দলের স্থানীয় নেতাকর্মীদের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম এবং মা-বোনদের ঘরে ঘরে প্রচারণা ও ছাত্র-যুবদের ভোটকেন্দ্র পাহারা, সবমিলিয়েই এই বিজয় সম্ভব হয়েছে।

ঢাকা-১১ এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে এনসিপি আহ্বায়ক বলেন, আমাদের লক্ষ্য শুধু বিজয় নয়, আমরা চাই ন্যায়ভিত্তিক ও নিরাপদ ঢাকা-১১।

 

ওসমান হাদিসহ ‘জুলাই গণহত্যাকারীদের’ বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন নাহিদ।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, লুটপাট-দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ও তরুণদের ক্ষমতায়ন আমাদের অগ্রাধিকার।

এনসিপি আহ্বায়ক বলেন, এটি আমার জীবনের প্রথম নির্বাচন ছিল এবং সীমিত সময়ের প্রচারণা সত্ত্বেও জনগণ ‘শাপলা কলি’ প্রতীকে আস্থা রেখেছেন।

নাহিদ ইসলাম বলেন, আজ আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়।

আমরা একসাথে একটি নতুন, শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ ঢাকা-১১ গড়ব। আপনারাই আমাদের শক্তি।

 

ফেসবুক পোস্টে তিনি ‘শাপলা কলি’ ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করার জন্য ঢাকা-১১ এর ভোটারদের ধন্যবাদ জানান।


   আরও সংবাদ