ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে বোমাটি নিক্ষেপ করা হয়।
তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
একই সময় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভবনের বাইরের দেয়ালে লাল রং দিয়ে ‘যুবলীগ’ লিখে যাওয়ার ঘটনাও ঘটেছে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে।
সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।
তিনি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করেছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।