ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬ ১৩:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
ঢাকা: গত কয়েক দিন ধরে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। এরই মধ্যে শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে। এদিকে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারক আজাদ সুবহানী।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সভা শুরু হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সভার নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য এ সভা আহ্বান করা হয়েছে।
সভায় প্রথমে উপস্থিত সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া বিবিধ বিষয়ও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হার সুপারিশ করার জন্য গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে সরকার।
এর আগে বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের এ মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।