ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
ঢাকা: ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক সুবিধা সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূর করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার (২ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পথে বিদ্যমান বাধা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। এ জন্য এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত করে তা বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে।
পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
শুধু বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নয়, ডি-৮ জোটের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, জোটকে আরও কার্যকর ও অর্থবহ করতে পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।
জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তবাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুরস্ক সফর করছেন আব্দুল মুক্তাদির।