ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেসি-পরবর্তী অধ্যায়ের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬ ১৩:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার


মেসি-পরবর্তী অধ্যায়ের দল ঘোষণা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। দীর্ঘদিনের অধিনায়ককে ছাড়াই প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।

উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ। প্রথমবার ডাক পেয়েছেন তরুণ ডিফেন্ডার আরন আনসেলমিনো, ফিরেছেন গনসালো মন্তিয়েল ও মারিয়ানো ত্রোইলো।

 

মঙ্গলবার নভেম্বরের আন্তর্জাতিক বিরতির জন্য দল ঘোষণা করেন স্কালোনি। গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসিকে ছাড়া এটাই আর্জেন্টিনার প্রথম দল।

 

এবারের দলে সবচেয়ে বড় চমক চেলসির ২১ বছর বয়সি ডিফেন্ডার আনসেলমিনো। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

ইতালিয়ান ক্লাব পার্মার ডিফেন্ডার ত্রোইলোও ফিরেছেন দলে।

 

এ ছাড়া আবারও সুযোগ পেয়েছেন রিভার প্লেটের অভিজ্ঞ ডিফেন্ডার মন্তিয়েল। তবে জায়গা হয়নি দীর্ঘদিন জাতীয় দলের নিয়মিত সদস্য থাকা রদ্রিগো দে পল ও জোভানি লো সেলসোর।

চোটের কারণে দলে নেই আক্রমণভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার লাউতারো মার্তিনেস ও ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

তবে চোট নিয়েও দলে জায়গা পেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। চেলসির হয়ে খেলার সময় চোয়ালে চিড় ধরেছে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের। তাই আসন্ন ম্যাচগুলোয় তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে শারীরিক অবস্থার ওপর।

দলে আছেন বিশ্বকাপজয়ী দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। তাদের মধ্যে উল্লেখযোগ্য আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস ও হুলিয়ান আলভারেস।

এ ছাড়া নিকো পাস, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোদের মতো তরুণ ফুটবলারদের ওপরও আস্থা রেখেছেন স্কালোনি। মেসির বিদায়ের পর নতুন করে দল গড়ে তোলার প্রক্রিয়ায় তাদের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ থাকছে।

আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর, ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে তারা।

আর্জেন্টিনার ২৮ সদস্যের দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (চেলসি), হেরোনিমো রুলি (ম্যানচেস্টার সিটি), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট)।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল (রিভার প্লেট), আগুস্তিন জিয়াই (পালমেইরাস), আরন আনসেলমিনো (চেলসি), মারিয়ানো ত্রোইলো (পার্মা), লিওনার্দো বালের্দি (রোমা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো মেদিনা (বায়ার লেভারকুজেন), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ), রোমান ভেগা (জেনিত)।

মিডফিল্ডার: এজেকিয়েল ফের্নান্দেস (বায়ার লেভারকুজেন), মাক্সিমো পেরোনে (কোমো), এক্সেকিয়েল পালাসিওস (ইপসউইচ টাউন), ভালেন্তিন বার্কো (চেলসি), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), এনসো ফের্নান্দেস (ম্যানচেস্টার সিটি), নিকো পাস (কোমো), মাতিয়াস সুলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (ফিওরেন্তিনা), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ)।

ফরোয়ার্ড: জানলুকা প্রেস্টিয়ান্নি (বেনফিকা), থিয়াগো আলমাদা (রিভার প্লেট), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস), সান্তিয়াগো কাস্ত্রো (রোমা), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ)।


   আরও সংবাদ